নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ‘জয় দাস নিলয় কোচিং সেন্টার’ নামে একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার নবীনগর সরকারি কলেজ রোডস্থ সৌদি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র পদপ্রার্থী ফারুক আহমেদ। বক্তব্যে তিনি বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। নবীনগরের তরুণরা যদি তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক বাজারে কাজ করতে পারে, তাহলে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।” তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক এবং জাতীয় পর্যায়ে স্বীকৃত ফ্রিল্যান্সার জয় দাস নিলয় জানান, স্থানীয় তরুণদের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “ঢাকা ও সিলেটে দীর্ঘ সময় ধরে পড়াশোনা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার পর আমি উপলব্ধি করেছি—নিজ এলাকার তরুণদের জন্য কিছু করা জরুরি। নবীনগরের অনেক শিক্ষিত যুবক-যুবতী কর্মসংস্থানের অভাবে পিছিয়ে আছে। তাদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ঘরে বসেই আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।”
কেন্দ্রটিতে ৬ মাস মেয়াদী একটি বিশেষ কোর্স চালু করা হয়েছে। কোর্সের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে—ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, ওয়েবফ্লো এবং আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল (ক্লায়েন্ট হান্টিং)। সম্পূর্ণ কোর্সটি অফলাইন পদ্ধতিতে পরিচালিত হবে এবং কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা।
আগ্রহী প্রশিক্ষণার্থীদের সৌদি ভবন (৩য় তলা), সরকারি কলেজ রোড, নবীনগর ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে অথবা ০১৬০২২১০৬৪২ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com